আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:43 am || প্রকাশের তারিখ: October 29, 2019, 2:18 pm
বিতর্কিত মেনন প্রসঙ্গে যা বললেন : প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে ১৪ দলীয় জোটের ওই নেতাও বিতর্কিত হয়ে পড়েন। তবে তার বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাশেদ খান মেননের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, আমাদের জোটের নেতা প্রশ্ন তুলেছেন, তার মনে তো কষ্ট থাকতেই পারে। কিন্তু, এটাও ভাবতে হবে তিনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে, তার জয়ও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এ বিষয়ে জোটের মুখপাত্র নাসিম সাহেব আমার সঙ্গে কথা বলেছেন।
জানতে চেয়েছেন, আমার বক্তব্য আছে কিনা। আমি বলেছি, এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। এসব বিষয় নিয়েই যদি পড়ে থাকি তাহলে দেশের উন্নয়নে কাজ করবো কখন? রাশেদ খান মেনন সম্পর্কে প্রধানমন্ত্রী আরও বলেন, তাকে তো আমি বহুদিন থেকেই চিনি। আমরা একসাথেই রাজনীতি করেছি। ৭০ সালে যখন নির্বাচন দেওয়া হলো তখন তিনি স্লোগান দিলেন, ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো। কিন্তু, তখন ভোট না হলে তো বাংলাদেশ স্বাধীন হতো না। ৭২ সালে যখন ভারত-বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি হলো তখন বলেছিলেন, বেরুবাড়ি বেচে দিলো, ‘বেরুবাড়ি বেচে দিলো’। কিন্তু, পরবর্তীতে সবাই দেখেছেন বেরুবাড়ি বেচে দেওয়া হয়নি।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আওয়ামী লীগ কিছু করে না। বেরুবাড়িতে ভারত ভারতের অংশ পেয়েছে, আমরা আমাদের অংশ পেয়েছি। এসবের প্রেক্ষিতে ১৪ দল বসেছে, তিনি দুঃখ প্রকাশ করেছেন। এমন বক্তব্য তিনি হয়তো আরও দেবেন, এতে আমার কোনও মন্তব্য নেই।’’ এসময় সাংবাদিকদের সঙ্গে মজা করে শেখ হাসিনা বলেন ‘ (উনি) বলে তো ভালো করেছে। সাংবাদিকরা লেখার খোরাক পেয়েছেন। না বললে কী লিখতেন।’এসময় শেখ হাসিনা আরও বলেন, জনগণ যদি ভোট না দিত, আমাদের পক্ষে না থাকতো, তাহলে আমাদের সমর্থন থাকতো না। তাদের (বিএনপি) ভোটবিহীন নির্বাচনের বিরুদ্ধে আমরা গণআন্দোলন গড়ে তুলতে পেরেছিলাম। আমাদের জনসমর্থন ছিল।
এবারের নির্বাচনের পর জনগণ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ আমাদের সমর্থন দিয়েছেন। শুধু আওয়ামী লীগের না, বিএনপির ব্যবসায়ীরাও আমাদের সমর্থন দিয়েছেন। কারণ আমরা সবার জন্য কাজ করার সুযোগ করে দিতে পেরেছি।উল্লেখ্য, সম্প্রতি বরিশালে গিয়ে ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেন দলটির সভাপতি ও ওই নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়ী সংসদ সদস্য রাশেদ খান মেনন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম