আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: October 31, 2019, 10:26 am
লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল মিয়া ওরফে কালা বাবুল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মকবুল হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বাবুল মিয়া সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া বাশদাও গ্রামের সাহানাত আলী ন্যাংড়ার ছেলে। ওসি মকবুল হোসেন আরো জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের লালমনিরহাট সরকারি কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৬৫ পিস ইয়াবাসহ কালা বাবুলকে আটক করে।
এরপর তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোরে বাবুলকে নিয়ে কালমাটি পাকারমাথা এলাকায় অভিযান চালালে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে কালা বাবুল আহত হন। পরে পুলিশ তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কনস্টেবল আব্দুল ওহাব ও আশাদুজ্জামান আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। গ্রেফতার কালা বাবুলের বিরুদ্ধে দুইটি মাদকসহ তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম