প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 1:52 pm || প্রকাশের তারিখ: November 7, 2019, 8:27 am
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলায় একটি মাদরাসার পাশ থেকে ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার মানিকদিয়া এগারপাড়া দাখিল মাদরাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে ওই মাদরাসার পাশে চারটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় লাল স্কচটেপে মোড়ানো বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এএসআই শাকিল বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা বোমাগুলো ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।