শেরপুর প্রতিনিধি।। ২০১৮-২০১৯ করবর্ষে শেরপুর জেলায় সর্বোচ্চ কর প্রদান করে টানা ৭ম বারের মত শেরপুর জেলায় সেরা করদাতা নির্বাচিত হয়েছেন শেরপুর জেলা শহরের শিল্পনগরী খ্যাত ঢাকলহাটি মহল্লার তরুণ শিল্পপতি, জেএন্ডএস গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন এর সু-যোগ্য বড় ছেলে, জেএন্ডএস গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী।
১৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২০১৯-এ শেরপুর জেলার সেরা করদাতা হিসেবে মোঃ সাদুজ্জামান সাদীকে পুরস্কৃত করা হয়।
কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মো. শামীমুর রহমানের সার্বিক তত্বাবধানে আয়োজিত করদাতাদের সন্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন এবং বিভাগের সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম প্রমুখ।
সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে কর দিন এ শ্লোগানে উদ্ভুদ্ধ হয়ে কর অঞ্চল ময়মনসিংহের ময়মনসিংহ সদর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, শেরপুরসহ ৫টি জেলার দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ (৪০ বছরের নিচে) ক্যাটাগরিতে ৩৫ জন সেরা করদাতাদের মাঝে সন্মাননা পুরষ্কার, সন্মাননা ক্রেস্টসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়। কর প্রদান যোগ্য প্রত্যেক নাগরিকের প্রতি কর প্রদানের আহবান জানিয়ে বক্তারা বলেন, দেশের কাঙ্খিত সেবা পেতে হলে কর প্রদানের কোনো বিকল্প নেই। স্ব-প্রণোদিত হয়ে আয়কর প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সততা ও স্বদিচ্ছার বর্হিপ্রকাশ ঘটাতে হবে সকলকে।