নিজস্ব প্রতিবেদক।। সাভারের পৌর ব্যাংক কলোনী এলাকায় বাসার সামনে খেলতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজের দশ ঘন্টা পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এক যুবককে আটক করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। শনিবার রাত ৮টার দিকে নিখোঁজ শান্তা ইসলাম সেবা (১১) সাভারের ব্যাংক কলোনী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে পরিবারের সাথে ব্যাংক কলোনী এ/৬৯ ওলিউল্লাহর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় টাঙ্গাইল মডেল স্কুল ৪র্থ শ্রেণীতে পড়ে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম জানান, আজ সকালে বাড়ির সামনেই বন্ধুদের খেলতে গিয়ে আর ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও আর সন্ধান মেলেনি তার। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করলে রাতে কুমিল্লা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় সেখানকার পুলিশ। কুমিল্লা জেলার সদর কোওয়ালী থানার ইন্সপেক্টর নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাভার থেকে নিখোঁজ শান্তা নামের চতুর্থ শ্রেণীর ওই শিক্ষার্থীকে কুমিল্লা টাউনহল এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়েছে। এসময় এক যুবককে আটকের কথা নিশ্চিত করলেও বিস্তারিত পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।