আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় নাজমুল হাসান (২৭) নামে এক যুবককে ২ বছরের সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ১ মাসের কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহসিনা হোসেন তুসি আসামির অনুপস্থিতিতে ওই সাজার আদেশ দেন। নাজমুল নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাশকান্দা বাজার এলাকার আজিমদ্দিনের ছেলে।
জানা যায়, ২০১৫ সালের ২০ নভেম্বর শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার সোয়াদ আলীর কন্যা শারমিন আক্তারকে সম্পর্কের সূত্রে বিয়ে করে নাজমুল হাসান। পরবর্তীতে ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি ১ লক্ষ টাকা যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রী শারমিনকে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাজমুল। ওই ঘটনায় একই বছরের ৩০ মে নালিতাবাড়ীর আমলী আদালতে নাজমুল হাসানের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি নালিশী মামলা দায়ের করেন শারমিন। ওই মামলায় সমন পেয়ে হাজির হয়ে জামিন পেলেও পরবর্তীতে পলাতক হয় নাজমুল। এরপর তার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হয়। বিচারিক পর্যায়ে বাদীসহ ৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।