মইনুল হোসেন প্লাবন, শেরপুর।। শেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৭তম বার্ষিক সাধারণ সভা/২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর রবিবার দুপুরে শহরের খরমপুরস্থ আইডিয়াল ইসকুল প্রাঙ্গণে আয়োজিত ওই সাধারণ সভায় সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। সভায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু উদ্বোধক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, নির্বাহী সদস্য, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস ল²ী, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি প্রমুখ। অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, নির্বাহী সদস্য সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, সাংবাদিক জুবাইদুল ইসলামসহ জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, সাধারণ সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যগণসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য, মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল ও যুব রেড ক্রিসেন্টের সদস্য সোহাগী আক্তার।