লালমনিরহাট সংবাদদাতা।। মোক এই জারত (ঠান্ডা) যায় এ্যখান কম্বল দিছে আল্লাহ তাক ভাল করুক। লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরের কাছ থেকে গুচ্ছ গ্রামের বাসিন্দা রাবেয়া বেওয়া (৫৫) কম্বল পেয়ে এভাবেই কথাগুলো বলেন। তিনি কম্বল পেয়ে কান্নাজড়িত কন্ঠে আরো বলেন, বাবারা এবার বুঝি মুই জারত বাঁচিম। তোমরা যুগ যুগ বাঁচি থাকেন।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে লালমনিরহাটে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী আশ্রয়ন কেন্দ্র ঘুরে নিজ হাতে একশ ১০টি শীতার্ত ও অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাঃ রাশেদুল হক প্রধান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীন, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
কনকনে শীত আর হিমেল হাওয়ার কারণে খেটে খাওয়া লোকজন যখন ঘর হতে বের হতে পারছেন না ঠিক তখনই জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন। গত কয়েকদিন যাবত জেলা প্রশাসক মোঃ আবু জাফর জেলার বিভিন্ন জায়গায় নিজ হাতে শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হয়েছেন। শুধু জেলা প্রশাসকই নয়, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দীনও বসে নেই। তিনি গত ৩ দিনে ছিন্নমুল ও ভাসমান শীতার্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে কম্বল বিতরণ করেন।
এদিকে এলাকাবাসী মনে করেন, এর আগে কখনও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এভাবে কম্বল বিতরন করা হয়নি। তারা দাবী করেন,এভাবে কম্বল বিতরণ করা হলে প্রকৃত অসহায় ও হতদরিদ্র মানুষজন খুশী হবেন। তারা প্রশাসনের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দীন বলেন,জেলা ও উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/সুলতান