নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় দুই দিন ব্যাপি শুরু হয়েছে বউ শাশুরি ও বয়স্ক মেলা। রোববার দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পিএইচ এ ভবন মাঠে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।পরিবারে বউ-শাশুড়ির সম্পর্ক উন্নয়ন ও পারিবারিক সুখ-শান্তির লক্ষ্যে দুই দিনব্যাপী জনসচেতনতামূলক ব্যতিক্রমধর্মী এই ‘বউ-শাশুড়ি ও বয়স্ক মেলার’ আয়োজন করা হয়েছে।
এছাড়া সমাজে প্রচলীত নানা প্রতিকুলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন। এছাড়া মেলায় বিভিন্ন রকমের পিঠা-পুলির দোকানসহ বেশ কয়েটি টি স্টল বসেছে। আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়। মেলাটি কেবল বউ-শাশুড়িদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ মেলা চলবে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বউ শাশুরি মেলার আহবায়ক ডা.মাহ্জেবীন চৌধুরী, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হাওলাদার, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি সামীউল আলম শামীম, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ টিটুসহ আরো অনেকে।