আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনে অবাধ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বেড়েছে। চট্টগ্রামের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় নৌকার প্রার্থীর বিজয় সহজ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ-নির্বাচনে জয়ী সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সাংসদ। প্রসঙ্গত, জাসদ নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে গত সোমবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন মোছলেম উদ্দিন।