আমাদেরবাংলাদেশ ডেস্ক।। (মৃ-ত্যুর) আগে শেষ ইচ্ছায় জানিয়েছিলেন বাবার কবরের পাশে তাকে দাফন করতে। সে ইচ্ছানুযায়ী বগুড়ায় বাবার কবরের পাশেই চিরশায়িত হলেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩ টায় তার মরদেহ হেলিকপ্টারে বগুড়ায় আনা হয়। সেখানে পরিবারের সদস্যরা ছাড়া আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। আসর নামাজের পর বগুড়ার ঐহিত্যবাড়ী সাতানি বাড়ীর মসজিদ চত্বরে জানাজা শেষে বাবা পুটু মিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত ইসমাত আরা সাদেকের ছেলে ড. তানভির সাদেক, চাচাতো ভাই শাহনেওয়াজ রহমান, জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন প্রমূখ।এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেকের স্ত্রী ইসমাত আরা সাদেক ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনিই প্রথম যশোর থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য হন। বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে প্রথমে গণশিক্ষা ও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আবারও যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।