জেলা প্রতিনিধি সিলেট।। মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে আগুনে নিহত পাঁচজন একই পরিবারের সদস্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাবা-মেয়েসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে ৯টার দিকে ওই ভবনের নিচ তলায় পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
নিহতরা হলেন, পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯)।সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।