লালমনিরহাট সংবাদদাতা। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে ভারতীয় হাসপাতালে দেলওয়ার হোসেন (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম তৌহিদুল আলম। মৃত দেলওয়ার হোসেন আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের খয়বর আলীর ছেলে। পেশায় গরুর রাখাল।
এর আগে মঙ্গলবার ভারতীয় কুচবিহার জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে দুই দিনেও মরদেহ ফেরত করার কোন প্রক্রিয়া নেয়া হয়নি।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক বলেন, গত ২০ জানুয়ারি রাতে দুর্গাপুর সীমান্তে ৯২৪ নং পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন দেলওয়ার হোসেন। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহলদল তাকে আটক করে নির্যাতন করে ভারতীয় পুলিশে সোপর্দ করে। সেখানে ভারতীয় কারাগার থেকে তাকে কুচবিহার হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) তিনি মারা যান।
এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা যায়, এ বিষয়ে বিজিবি ভারতীয় বিএসএফের কাছে বিষয়টি জানতে চাইলে বুধবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারা। এ ঘটনায় মৃতের পরিবার আদিতমারী থানায় একটি নিখোঁজ জিডি করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই পরিবার বুধবার থানায় নিখোঁজ জিডি করেছেন। তার মৃত্যুর খবর শুনেছি। তবে মরদেহ ফেরতের কোন চিঠি পাওয়া যায়নি।
বিজিবির লালমনিরহাট- ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম তৌহিদুল আলম বলেন, পরিবারের তথ্যমতে জানতে চাইলে বিএসএফ টেলিফোনে দেলওয়ারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তার মরদেহ ফেরত হলে মর্গের রিপোর্টে নির্যাতনের চিহ্ন পেলে প্রতিবাদ জানানো হবে। তবে গরু আনতে নয়, নানার বাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়ে হাসপাতালে মারা গেছেন বলে তার পরিবার দাবি করেছে বলেও জানান তিনি।