আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বেসিস সফটএক্সপো- ২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে আমাদের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন-স্লোগানে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ১৬তম বেসিস সফটএক্সপো- ২০২০ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে। আমাদের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। কারণ তারাই আমাদের সম্পদ। আমাদের মেধাবী তরুণরা বাইরে কাজ করছে, যথাযথ সুযোগ তৈরি করতে পারলে এরা দেশেই কাজ করতে পারবে। তিনি আরও বলেন, স্থানীয় সফটওয়্যার, অর্থাৎ মেইড ইন বাংলাদেশ ধারণাকে উৎসাহিত করতে হবে।
সফটওয়্যার কোম্পানিগুলোকে আত্মনির্ভরশীল করে তুলতে দাতা সংস্থার সহায়তার বাস্তবায়িত প্রকল্পে স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে সুযোগ দিতে হবে।একই সঙ্গে স্থানীয় কোম্পানিগুলোর সক্ষমতা বাড়াতে সরকারি ছোট বড় প্রকল্পে সুযোগ দিতে হবে।