
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুরে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মহিলা কলেজের প্রধান সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন।
রবিবার সকালে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন চলমান রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন।
পৌর মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর খ্যাত এই মেহেরপুরকে ঢেলে সাজানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলমান কাজ আরও দ্রুত সম্ভব হতো কিন্তু আমরা বিভিন্নভাবে বাধাগ্ৰস্থ হচ্ছি। অনেক ভালো মানের কাজ হচ্ছে এই পৌরসভায় কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি ও ষড়যন্ত্র করা হচ্ছে মেহেরপুর পৌরসভাকে হেয়প্রতিপন্ন করার জন্য। আমি জানি আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা আছে । এই ভালোবাসায় আমাদের মূল শক্তি। আমরা অতিদ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
অন্যান্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, জেলা ট্রাক গ্রুপ মালিক সমিতির সদস্য ও ঠিকাদার তানভীর আহমেদ রানা, যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জল, রোকনুজ্জামান টনি, আফজাল হোসেন লিখন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় এলাকাবাসীর সাথে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন পৌর মেয়র। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদার কে নির্দেশ দেন তিনি।