লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন সভাপতিত্ব করেন।
সেমিনারে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এসময় আদিতমারী প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন উপজেলা সদরের বুড়িরবাজারের একটি রাস্তার কাজ দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়ে সভাপতির নিকট জানতে চান। এসময় ইউএনও প্রশ্নের উত্তরের জন্য উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) আমিনুর রহমানকে বলেন। কিন্তু প্রকৌশলী যথাযথ উত্তর দিতে না পারায় তিনি (ইউএনও) দ্রুত সমাধানের আশ্বস্ত করেন।
এসময় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম প্রশ্ন করেন, সারাদেশে উপজেলা পর্যায়ে একটি করে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা নিয়েছেন সরকার। এটি আদৌ কি উপজেলা পর্যায়ে হবে নাকি ইউনিয়ন পর্যায়ে হবে? সভাপতি বিষয়টি দেখে দ্রুত সাংবাদিকদের জানাবেন বলে প্রশ্নের উত্তরে জানান। লালমনিরহাটের সাংবাদিক মাহফুজ সাজু অনুষ্ঠানের সভাপতির কাছে জানতে চান, উপজেলারর হাট-বাজারগুলোতে ইজারাদার ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে আসছেন,বিষয়টি নিয়ে আপনাদের কি করণীয় আছে? এমন প্রশ্নের জবাবে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, প্রয়োজনে হাট-বাজার মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এসময় সাংবাদিক খোরশেদ আলম সাগর, রবিউল ইসলাম বাবুল উপজেলার বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানের সভাপতি সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বস্ত করেন।
এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সেমিনারে সাংবাদিক,ইউপি চেয়ারম্যান,শিক্ষক অংশগ্রহণ করেন।