লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে ৫ম শ্রেনীর ৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগে উঠেছে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির এক অভিভাবক সদস্যের বিরুদ্ধে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) উপজেলার কিসামত বড়াইবাড়ী এম,এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষকের উপস্থিতিতে ঘটেছে। এ ঘটনায় রাতেই আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত ছাত্র আলমগীর হোসেনের দাদা আব্দুল বাকী।
জানাগেছে, উপজেলার পলাশী ইউনিয়নের কিসামত বড়াইবাড়ী এম,এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ৩ শিক্ষার্থী মোহসিন, আলমগীর হোসেন ও সোহেল রানার বিরুদ্ধে একটি অভিযোগ আনেন বিদ্যালয়ের একই শ্রেনীর ছাত্রী রোকাইয়া। তার অভিযোগ ওই তিন ছাত্র তাকে প্রায় খারাপ ভাষা ব্যবহার করেন। পরে রোকাইয়া এ অভিযোগ প্রধান শিক্ষকের নিকট করেন।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরঞ্জন বর্মণ এ অভিযোগে তাদের অভিভাবকদের বিদ্যালয়ে অফিস কক্ষে ডেকে আনেন। সেই সাথে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আমিনুর ইসলামকেও অফিস কক্ষে ডেকে পাঠান প্রধান শিক্ষক। এরপর ওই ৩ শিক্ষার্থীর অভিভাবকদের সামনে প্রধান শিক্ষকের নির্দেশে কোমলমতি শিক্ষার্থীদের মারধর করা হয়। আর বিষয়টি নিয়ে বাড়াবাড়ী না করার জন্য অভিভাবকদের সতর্ক করে দেয়া হয়।
এদিকে বুধবার রাতে ৩ শিক্ষার্থীর মধ্যে মোহসিন ও আলমগীর হোসেনকে চিকিৎসার জন্য আদিতমারী হাসপাতালে নেয়া হয়। আর সোহেল রানা নামের আরেক ছাত্রকে বাড়ীতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আলমগীর হোসেনের দাদা আব্দুল বাকি সাংবাদিকদের জানান,মিথ্যা অভিযোগ এনে আমার নাতীসহ তিন ছাত্রকে যেভাবে বেত দিয়ে আঘাত করা হয়েছে তা কোন অভিভাবকই মেনে নিবেন না। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরঞ্জন বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবক সদস্য আমিনুর ইসলাম তাদেরকে একটু শাসন করেছেন মাত্র। এর বাহিরে তিনি কোন কথা বলতে রাজি হননি।
সাব ক্লাস্টার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহসীন আলী বলেন, এ ঘটনার সাথে কোন শিক্ষক জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) এন,এম শরীফুল ইসলাম খন্দকার বলেন, বিষয়টি জানার পর তাদেরকে থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন,বিষয়টি তদন্তের জন্য সহকারী শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এখনও এধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।