আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
আজ শুক্রবার (০৬ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভাটি কালিসীমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।
আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসে করে ১০ জন নারায়ণগঞ্জ থেকে সিলেট মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়া লিমন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হয়।