নিজস্ব সংবাদদাতা।। মুজিব বর্ষের আয়োজনকে ঘিরে রঙিন হয়ে উঠেছে রাজধানী ঢাকা। নগরীর সরকারি দপ্তর থেকে শুরু করে অভিজাত হোটেলগুলোও সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। রাস্তার দুই পাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বাহারি রংয়ের আলোর ঝলকানি।
জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালনের জন্য প্রস্তুত গোটা দেশ। দিন পেরুলেই আসবে সেই ক্ষণ। করোনা ভাইরাসের কারণে আয়োজনে পরিবর্তন আনা হয়েছে ইতিমধ্যে। তবে দিবসটি সামনে রেখে সাজানো হয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থাপনা।
এ আয়োজনে বাড়তি যোগ হয়েছে আলোকসজ্জা। গত কয়েকদিন ধরে ঢাকা রূপ নিয়েছে আলোর নগরীতে। নগরীর প্রধান সড়ক, স্থাপনাগুলোয় শোভা পাচ্ছে বাহারি রঙের আলো। বর্ণিল আলোকসজ্জায় চোখ জুড়িয়ে যাচ্ছে। বাদ যায়নি রাস্তার মোড়, ল্যামপোস্টও। আর এ দৃশ্য দেখতে মধ্যরাতেও এসেছেন অনেকে।
শুধু সড়ক নয়, আলোর ঝলকানিতে মেতে উঠেছে বিভিন্ন সরকারি দপ্তর ও পাচঁতারকা হোটেলগুলো। নগরবাসিও বেশ উপভোগ করছেন এমন দৃশ্য। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর এমন আয়োজন দেখতে পেয়ে অনেকেই জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা।
মুজিব বর্ষের সকল আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে এমনটাই প্রত্যাশা আলোকসজ্জা দেখতে আসা দর্শনার্থীদের।