লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হোম কোয়ান্টামে থাকা ২২ জনকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ।
সোমবার (৩০ মার্চ) সকালে এসব উপহার সামগ্রী হোম কোয়ান্টামে থাকা উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হোসেন আলীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রীর দেয়া শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন,সম্পাদক সুলতান হোসেন ও হোম কোয়ান্টামে থাকা হোসেন আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে হোম কোয়ান্টামে থাকা ২২ জনের বাড়ীতে পুলিশের পক্ষ থেকে এর আগে ওই সব বাড়ীতে স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।
এসময় ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে। বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ান্টামে রাখা হয়েছে। ইতিমধ্যেই অনেকের হোম কোয়ান্টামে থাকা শেষও হয়েছে। তিনি আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ হোম কোয়ান্টামে থাকা সদস্যদের শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন।