মইনুল হোসেন প্লাবন।। ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেরপুরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট প্রচারণার পাশাপাশি সাবান দিযে হাত ধোয়ার ব্যবস্থাসহ হতদরিদ্রদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ অব্যাহত রয়েছে। তারই আওতায় ০১ এপ্রিল বুধবার সন্ধ্যায় শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় ‘সোনার বাংলা যুব সংঘ’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১ কেজি আলু, হাফ কেজি ডাল ও ১ টি সাবান।
দমদমা কালিগঞ্জ পশ্চিমপাড়া ক্লাব অঙ্গনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তার সভাপতিত্বে ওই বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য তাজমুল ইসলাম, অনিবার্ণ তরুণ সংঘ’র সাধারণ সম্পাদক প্রকশৌলী রবিউল ইসলাম রুবেল, সংগঠনের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক মনিহার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহিন আহম্মেদ বাপ্পীসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার ও রবিবার ২ দিনব্যাপী সোনার বাংলা যুব সংঘ’র উদ্যোগে পৌরসভার ৮ নং ওয়ার্ডে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক মনিহার হোসেন সরকার ওই প্রচারণায় সরাসরি অংশ নেন।