লালমনিরহাট সংবাদদাতা।। করোনা ভাইরাসের কারনে লালমনিরহাটের আদিতমারী উপজেলার খেটে খাওয়া লোকজনকে সবচেয়ে বিপাকে পড়তে হয়েছে। আর ঠিক সেই সময়ে এসব কর্মহীন মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেন আদিতমারী অফিসার্স ক্লাব কর্মকর্তাবৃন্দ। তাদের চিন্তা থেকে তাদের সকলের নিজস্ব অর্থ দিয়ে এসব মানুষের জন্য একটি তহবিল গঠন করেন। এ তহবিলের অর্থ দিয়ে খাদ্যসামগ্রী ক্রয় করে মানুষের কল্যাণে ব্যয় করেন আদিতমারীর অফিসার্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
তাদের সকলের প্রচেষ্টায় নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ৩০০টি কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। এছাড়া সমাজ সেবা অধিদপ্তরের আওতায় একশ ৬০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) লালমনিরহাটের আদিতমারী উপজেলার আবাসন ও আশ্রায়ন প্রকল্পে বসবাসরত কর্মহীন ও হতদরিদ্র ৩৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গায় এরকম আরো একশ ৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন তারা। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল,২ কেজি আলু,২ কেজি আটা,আধা কেজি ডাল ও একটি করে সাবান দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস,উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী লেবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার রওশন আলী মন্ডল, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা নুরেলা আক্তার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
আদিতমারী উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সকল অফিসারদের নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভাল লাগছে। তিনি এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহব্বান জানান।