কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা।। কেরানীগঞ্জে করোনা উপসর্গ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন করবে বেসরকারি সমাজসেবামূলক সংগঠন মারকাজুদ দীনিয়্যা কেরানীগঞ্জ।
গত শনিবার (২ মে) সংগঠনটির সভাপতি ও বাইতুল আবরার তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতী আবুল বাশার রেজওয়ান, মাওলানা মুফতী নূরে আলম, মাওলানা মুফতী নূর উদ্দিন, মাওলানা মোসলেহ উদ্দিনসহ মোট ২৪জনের একটি কমিটি ঘোষণা করা হয়। তারা বলেন, কেরানীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কেউ মারা গেলে মৃতের কবর খনন এবং জানাজাসহ দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুত আছেন তারা। এ ক্ষেত্রে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করা হবে। আমাদের যথেষ্ট পিপিই আছে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই এই কাজটি করবো।
জানা যায়, করোনা আক্রান্ত বা সন্দেহজনক রোগীর দাফন করবে। সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজসেবামূলক সংগঠন মারকাজুদ দীনিয়্যা কেরানীগঞ্জ সেবা দানের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। করোনা ভাইরাসে আক্রান্তদের জরুরি সেবা ও মরদেহ দাফন-কাফন ও সৎকারে দেশের বিভিন্ন স্থানেই আতঙ্ক তৈরি হয়েছিল। অনেক কবরস্থানে জ্বর, সর্দি কাশি আর শ্বাসকষ্টে মৃতের দাফনেও অনিহা প্রকাশ করেছে। জনমনে আতঙ্কের কারণে করোনা ভাইরাস ছাড়াও অন্যান্য রোগে মারা যাওয়াদের কবর দেওয়ার ক্ষেত্রেও নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্বজনদের। দেশের এমন অবস্থায় কেরানীগঞ্জে যাতে এইসব কিছু না হয়, তাই কেরানীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির দাফনে স্বেচ্ছায় দায়িত্ব নিতে চায় বেসরকারি সমাজসেবামমূলক সংগঠন মারকাজুদ দীনিয়্যা। তাই তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয় সংগঠনটির সভাপতি মাওলানা মুফতী আবুল বাশার রেজওয়ান বলেন, বিশ্বে করোনা মহামারি রূপ ধারণ করেছে। এই রোগটিতে সারা বিশ্বেই লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশেও মারা যাচ্ছে। আমরা বিভিন্ন সংবাদমাধ্যমে ও ইন্টারনেটে জানতে পারি অনেক জায়গায় স্বজনরা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির স্বজনরা লাশ নিতে অনিহা প্রকাশ করছে। অনেক জায়গায় দাফন কাজেও সমস্যা দেখা দিচ্ছে তাই আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছে আমাদের কেরানীগঞ্জে যাতে এমন কিছু না হয়। আমরা লিফলেটের মাধ্যমে কেরানীগঞ্জের দুইটি থানা, উপজেলার দফতরগুলো ও বিভিন্ন স্থানে বিতরণ করেছি।

আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় করোনা আক্রান্ত রোগীর মরদেহ দাফন করতে নিয়ে যাওয়া হচ্ছে
গতকাল সোমবার (৫মে) সকালে একজন করোনা রোগীর দাফন কাজ সম্পন্ন করেছি। তিনি আরো বলেন, যদি কোনো বেওয়ারিশ লাশের কাফনের কাপড়ের টাকা, এম্বুলেন্স ভাড়াসহ দাফনের যত খরচ আছে তাও আমরা করব। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় আমরা জানিয়েছি তারাও আমাদের এই কাজকে স্বাগত জানিয়েছেন।
কেরানীগঞ্জের যে কোনো স্থানেই আমাদের প্রয়োজন পড়বে আমরা সেখানেই যাব।