নওয়াপাড়া যশোর প্রতিনিধি।। অভয়নগরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “অভয়নগর ব্লাড ব্যাংক” ৬ষ্ঠ বছরে পদার্পন করেছে। গত ১০ই মে’২০২০ তারিখে অভয়নগর ব্লাড ব্যাংকে ৬ষ্ঠ বছরে পদার্পন করে। অভয়নগরে তরুণদের উদ্যোগে এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। অভয়নগরে জরুরী প্রয়োজনে কারও রক্তের প্রয়োজন পড়লে একটা ফোন বা ফেসবুকে পোস্ট করলেই অভয়নগর ব্লাড ব্যাংকের এক ঝাক তরুন রক্ত যোদ্ধারা মানবতার সেবায় এগিয়ে আসে।
অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোয়াইব ইমতিয়াজ ইয়াদ জানান, অভয়নগরবাসীর সহযোগিতায় এবং ভালবাসায় অভয়নগর ব্লাড ব্যাংক আজ সফলতা লাভ করেছে। ঠিক পাঁচবছর আগে ছোট একটা স্বপ্ন দেখেছিলাম এই ব্লাড ব্যাংকটি নিয়ে। সে স্বপ্ন আজ আপনাদের জন্যই সফল রূপ নিয়েছে । আমার সাথে এই স্বপ্ন এখন অনেকেই দেখছে, যার প্রমাণ আজকের এই পথচলা এবং ব্লাড ব্যাংকের ৫বছর পূর্তিতে সকলের শুভেচ্ছা জানানোর বহি:প্রকাশ।
আজকের এই দিনে একটাই কথা বলতে চাই, তরুনদের উদ্দেশ্যে- একসময় অনেক সময় দিয়েছি, আপনাদের সাথে নিয়ে এই সংগঠনকে পরিচালনা করার জন্য এবং ভবিষ্যতেও ইনশা’আল্লাহ সময় দেবো এই প্রাণের সংগঠনটিকে বাঁচিয়ে রাখার জন্য। তবে আজ যারা সরাসরি যুক্ত রয়েছেন তাদের অবদান সব থেকে বেশি এই সংগঠনকে এ পর্যন্ত এগিয়ে আনার জন্য।
আপনারা সবসময় এভাবেই পাশে থাকবেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে সেভাবেই শেখাবেন যাতে তারাও আপনার-আমার মতো এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। সবশেষে তিনি আশা প্রকাশ করেন, অভয়নগর ব্লাড ব্যাংক সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।