আহসান টিটু।। বাগেরহাটে জেলা সদরের ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বউদ্যোগে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শাড়ী কাপড়, ছিট কাপড় (কাটা কাপড়), তৈরি পোশাক (গার্মেন্টস আইটেম), জুতা ও কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
১৭ মে, রবিবার দুপুর ২:৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির’ জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মো: কামরুল ইসলাম মহোদয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ঈদের বাজারে আসা ক্রেতাদের সকলের পক্ষে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয় না। তাছাড়া, ঢাকা থেকে মালপত্র নিয়ে আসা ব্যবসায়ী করোনায় আক্রান্ত হওয়া এবং জেলায় সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শাড়ী কাপড়, ছিট কাপড় (কাটা কাপড়), তৈরি পোশাক (গার্মেন্টস আইটেম), জুতা ও কসমেটিকসের দোকান বন্ধ রাখার বিষয়ে ঐকমত্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি।