সৈয়দ মেহেদী হাসান।। করোনাভাইরাস সংক্রমণরোধকল্পে গাজীপুর মহানগর এলাকায় প্রবেশ ও বাহিরে নিয়ন্ত্রণ আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি যাতে প্রবেশ করতে বা বাহির হতে না পারে এ জন্য সোমবার (১৮ মে) সকাল থেকে মহানগরের চারটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের টঙ্গীর আনারকলি ক্রসিং ও বাসনের বিআরটিসি এলাকায়, ঢাকা-নরসিংদী ও ঢাকা বাইপাস সড়কের পূবাইলের মিরের বাজার মোড় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট (ফ্লাইওভার সংলগ্ন) এলাকায় চেকপোস্টগুলো বসানো হয়েছে। চেকপোস্টে সব পরিবহনে তল্লাশি করা হচ্ছে।
তবে জরুরিসেবা ও পণ্য পরিবহনে ব্যরহৃত যানবাহন এর আওতামুক্ত থাকবে।
জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হয়ে এই নিয়ন্ত্রিত চলাচলে পুলিশকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।