নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় কোটি টাকার হিরোইনসহ রাজমিস্ত্রী দম্পতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে র্যাবের অভিযানে প্রায় এক কেজি ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আটককৃত দম্পতিরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে শরীফুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের বাসিন্ধা তার স্ত্রী নাজমা আক্তার। এদের মধ্যে সবুজ রাজমিস্ত্রীর কাজ করত এবং স্ত্রী নাজমা পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
এ বিষয়ে র্যাব-২ এর পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন অভিযানের অংশ হিসেবে সাভার বাসষ্টান্ড থেকে এক দম্পতিকে হেরোইনসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে আরও ৮৩০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। সব মিলিয়ে প্রায় এক কেজি ৬০০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।