বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাসিব শেখ নামে এক কিশোরের মৃত্যু হয়। ভিকটিম পরিবারের অভিযোগ তাকে নৃশংসভাবে পিটানোর কারণে মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩০ মে) রাতে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের মামুনসহ কয়েকজন যুবক মারধর করে হাসিবকে। শারীরিক অবস্থার অবনতি হলে আজ রোববার (৩১ মে) সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মারা যায়।
নিহত হাসিবের মা জোৎসনা বেগম বলেন, ‘মামুনসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে বাড়ির পাশের একটি আম বাগানে নিয়ে মারধর করে। লাঠি দিয়ে সারা শরীরে পেটায়। রাতে খুব অসুস্থ অবস্থায় হাসিবকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সকালে কান ও মুখ থেকে রক্ত বের হলে হাসপাতালে নিয়ে যাই সেখানে হাসিব মারা যায়। আমার ছেলের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক বলেন, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন মিলে হাসিবকে মারধর করে। অসুস্থ হাসিবকে রোববার সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সে মারা যায়। হাসিবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য হাসিবের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।