নিজস্ব প্রতিবেদক।। সাভারে দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে উপজেলায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ৪ শ’র বেশি মানুষ। জনবহুল এই অঞ্চলে নমুনা সংগ্রহ আর আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। শুরুর দিকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে।
প্রথমদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নমুনা সংগ্রহ করা হলেও পরে মানুষের সংখ্যা বাড়তে থাকায় অধরচন্দ্র বিদ্যালয়ে আরেকটি বুথ খোলা হয়েছে। নমুনা সংগ্রহের জন্য সিরিয়াল ব্যবস্থা চালু করা করা হয়েছে। চাপ বেশি বলে অনেকের ক্ষেত্রে সিরিয়াল পেতে সপ্তাহ পেরিয়ে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‘উপসর্গ বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল দেয়া হচ্ছে। জনগণকে সর্বোচ্চ সেবা দিতে এবং চাপ কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।’
সাভারে প্রথম করোনায় সংক্রমিত শনাক্ত হয় ১৩ই এপ্রিল। এরইমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুলিয়া থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৬ জন।