লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি দিনে দিনে আরও ভয়ঙ্কর রুপ নিচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় মোট ৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে আরও ১১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ করোনা রোগী।
রাজশাহী বিভাগে এখন পর্যন্ত এক হাজার ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় মারা গেছেন ৯ জন। এর মধ্যে নওগাঁয় ০২, নাটোরে ০১জন, বগুড়ায় ০১জন, সিরাজগঞ্জে ০২জন ও রাজশাহীতে ০৩ জন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮২ জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। এ বিভাগের ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। এর আগের দিন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৮ জন। ফলে গত ৪৮ ঘন্টায় শনাক্ত হয়েছে ১৭০ জন। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত বগুড়ায় ৪৭৫ জন, জয়পুরহাটে ২০৫ জন,নওগাঁয় ১৪৬ জন, রাজশাহী তে ৬৬ জন, নাটোরে ৬০ জন, সিরাজগঞ্জে ৭২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন এবং পাবনায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত করোনা জয় করেছেন নওগাঁয় ৮৯ জন, জয়পুরহাটে ৮০ জন, বগুড়ায় ৪২ জন, রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, নাটোরে ১১ জন, সিরাজগঞ্জে ৮ জন এবং পাবনায় ৮ জন।
ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, রাজশাহী বিভাগে তিনটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি বলেন, এ বিভাগে করোনা পরিস্থিতি অবনতির দিকে আছে। মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। করোনা মোকাবিলায় মানুষকে সচেতন হতে হবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পড়তে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই পরিস্থিতির উন্নতি হবে।