আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে-২০, এর মধ্যে মারা গেছেন একজন শিল্পপতি
নওয়াপাড়া(যশোর)সংবাদদাতা।। অভয়নগরে দিনদিন বেড়েই চলেছে প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা। চরম ভীতি ও করোনা আতঙ্ক বিরাজ করছে জনগণের মাঝে। গত ২৪ঘন্টায় নওয়াপাড়া পৌর আওয়ামীলীগনেতা, ব্যাংকারসহ ৪জনের শরীরে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট মিলেছে। রোববার বিকাল পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে-২০-এ। এর মধ্যে করোনার নমুনায় পজিটিভ রিপোর্ট নিয়ে নওয়াপাড়ার একজন শিল্পপতির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর। সূত্র জানায়, ঈদের আগে লকডাউন চলাকালে করোনায় আক্রান্ত হন ৬জন রোগী। ঈদের পর লকডাউন শিথিলের পর আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪তে। সব মিলিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০-এ।
আক্রান্ত রোগীদের মধ্যে ৫জন করোনাকে জয় করে বাড়িতে ফিরেছেন। ৮জন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন, করোনা পজিটিভ নিয়ে নওয়াপাড়ার একজন শিল্পপতির মৃত্যু হয়েছে। আর বাকি ৬জন বাড়ির হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসাসেবা নিয়ে চলেছেন। এদিকে উপজেলায় করোন্য়া আক্রান্ত রোগীদের সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় জনগণের মাঝে চরম ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী জানান, উপজেলায় বসবাসরত জনগণ সরকারি স্বাস্থ্যবিধি না মানায় দিনদিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা। আগামীতে কী হয় বলতে পারছি না।