নিজস্ব প্রতিবেদক।। যশোরের ভেকুরিয়ায় চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার প্রধান আসামী এনামুল (৩৩)সহ দুইজনকে গ্রেফতার করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিআইডি)।
শুক্রবার (১০ জুলাই) হত্যাকাণ্ডের ২ মাস পর ভোররাতে নড়াইল মীর্জাপুর থানার একটি বাড়ি থেকে সিআইডি-এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী মফিজুরকে (২০) আটক করা হয়।
আটককৃত এনামূল যশোরের বড় ভেকুটিয়ার ইনছার আলীর ছেলে এবং মফিজুর রহমান বালিয়া ভেকুটিয়া মাঠপাড়ার মশিয়ার রহমানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিআইডি) গাইবান্ধার পরিদর্শক মোঃ কাজী মাসুম বলেন, ‘হত্যা ঘটনার পর থেকে আসামী এনামূল আত্মগোপনে ছিলো। এর আগে, তাকে গ্রেফতার করতে যশোরের বিভিন্ন এলাকায় চেষ্টা চালানো হয়। সর্বশেষ গোপনে খবরে অভিযান চালিয়ে নড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়’।
তিনি আরও বলেন, ‘আসাীদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত লোহার তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে’।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাতে সাব্বির আহমেদ রাসেল ও আল আমিনসহ কয়েকজন আওয়ামী নেতাকর্মী করোনাভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের মাঝে ত্রান বিতরণের তালিকা করার সময় প্রতিপক্ষ শহিদ মেম্বারের সহযোগি সামিরুল সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষে সামিরুল শহিদ মেম্বারের নির্দেশ মোতাবেক রাসেল ও আল আমিন কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির আহম্মেদ রাসেল মৃত্যু বরণ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ।