ঢাকা।। জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ জুলাই) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের রেজিস্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় প্রথমে তার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।এর প্রায় এক সপ্তাহ পর গ্রেফতার করা হয় এই চিকিৎসককে।
এরপরই দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট অনুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চ্যুয়াল মাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে ডা. সাবরিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সংগ্রহ করে।তথ্য-উপাত্ত সংবলিত অভিযোগগুলো কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল কমিশনে উপস্থাপন করলে কমিশন এ সিদ্ধান্ত নেয়। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এই অভিযোগটি অনুসন্ধান করা হবে।