রাকিবুল হাসান রাকিব।। জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট থেকে রুবেল হোসেন ডালিম নামের এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, মাদক দ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ী অভ্যন্তরীন গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেন ডালিম নামের ঐ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল সহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করে। নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদক দ্রব্য আইনে ৮টি মামলা রয়েছে।
তবে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ৮টায় খাসপাহনন্দা মিশন এলাকার তার দোকান থেকে তাকে বেশ কয়েকজন এসে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে সকালে খবর পাই তার লাশ হাসপাতাল মর্গে আছে।
এব্যাপারে পুলিশ সুপার সালাম কবির জানান, সে এলাকার মাদকের গডফাদার ও শীর্ষ সন্ত্রাসী ছিল তাদের অভ্যন্তরীন গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেয়ে ফাকা গুলি করে পুলিশ ঘটনা নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ডালিমের মৃতদেহ সহ বিদেশী পিস্তল সহ বেশ কিছু ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করে।