জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামী ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামের এক সহকারি পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটেছে।
মৃত- সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক সেবীদের ধরতে যায় র্যাব এর সহকারি পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামান সহ কয়েকজন সদস্য।
এ সময় র্যাব সদস্যদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মাদকসেবীরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে ঝাঁপ দেয়। পরে অন্য র্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।