সিলেট ব্যুরো।। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চার দফা বন্যায় বিপর্যস্থ হয়ে পড়েছে গোয়াইনঘাটের জনজীবন। একদিকে বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতি। অপরদিকে দফায় দফায় বন্যায় উপজেলার সাধারণ মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। এমন দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে গোয়াইনঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত এসব বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)।
রবিবার (২৬ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও, তোয়াকুল ও ডৌবাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । এ সময় শিশুদের চকলেট উপহার দেন তিনি।
মানবিক সহায়তা বিতরণকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে সে লক্ষ্যে কাজ যাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি ও বন্যাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ড. বেনজির আহমেদের তত্বাবধানে বাংলাদেশ পুলিশ দুর্যোগকালীণ সময়ে সর্বদাই জনগণের পাশে দাঁড়িয়েছে।
খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মো. মাহবুবু্ুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মো. নজরুল ইসলাম (পিপিএম), গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদসহ অন্যান্য কর্মকর্তারা।