মইনুল হোসেন প্লাবন।। করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় নিজের ঘর মেরামতের জন্য তিল তিল করে জমানো ১০ হাজার টাকা দান করা শেরপুরের সেই আলোচিত ভিক্ষুক নাজিম উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের পাকা বাড়িতে উঠেলেন। একই দিন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেছ নাঈম দৃষ্টান্ত সৃষ্টিকারী ভিক্ষুক নজিম উদ্দিনকে একটি ইজিবাইক উপহার দেন।
আজ ১৬ আগষ্ট রবিবার দুপুরে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামে নাজিম উদ্দিনের হাতে পাকা ঘর ও দোকানের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম। ওইসব হস্তান্তরকালে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, এনডিসি মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে ভবনটি হস্তান্তরের সময় নাজিম উদ্দিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি প্রধানমন্ত্রী ও ইজিবাইক দান করা ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে চির কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখের বেটি শেখ হাসিনার কাছে কিছু না চেয়েও আমি অনেক পেয়েছি। তিনি আমাকে অনেক মূল্যায়ন করেছেন। যা ভাষায় বুঝাতে পারবো না। আমার আর কোন চাওয়া-পাওয়া নেই। দোয়া করি, আল্লাহ তারে দীর্ঘদিন বাঁচায়ে রাখুক। সেইসাথে তিনি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাত প্রার্থনা করেন। উপজেলা চেয়ারম্যান নাঈম সম্পর্কে নাজিম উদ্দিন বলেন, নাঈম সাব অনেক সুন্দর মনের মানুষ। প্রধানমন্ত্রীর সাথে সাথে তিনিও আমাকে যতার্থ মূল্যায়ন করে আমাকে একটা অটো দান করে। এখন আমার আর অভাব নাই। আমি তার কাছেও চির কৃতজ্ঞ হয়ে রইলাম।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে ভিক্ষুক নাজিম উদ্দিন (৮২) দীর্ঘদিন ভিক্ষাবৃত্তি করে তার ঘর মেরামতের জন্য ১০ হাজার টাকা স য় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে। সংবাদটি মিডিয়ায় ভাইরাল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজিম উদ্দিনকে একটি পাকা ঘর ও জীবিকা নির্বাহের জন্য একটি দোকান নির্মাণ করে দেয়ার জন্য নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ দেন।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)