আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম ধাপে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। তবে মাধ্যমিকে উত্তীর্ণ দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তি হতে আবেদন করেনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করে। গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছে।
এদের মধ্যে কারিগরি বোর্ড থেকে পাস করেছে ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী। কারিগরি বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তিতে পৃথক আবেদন করতে হবে।
কারিগরির শিক্ষার্থী বাদে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ১৫ লাখ ৯৪ হাজার ৬২৮ শিক্ষার্থী আবেদনের যোগ্য। তাদের মধ্যে প্রথম পর্যায়ে আবেদন করেছেন ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। ফলে মাধ্যমিকে উত্তীর্ণ দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী প্রথম দফায় ভর্তি হতে আবেদন করেননি।
প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের নাম ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা কলেজ নিশ্চায়ন করতে পারবে। এরপর দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর এবং তৃতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এরপর ভর্তির নিশ্চয়ন, মাইগ্রেশনের কাজ শেষে আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ভর্তির কাজটি শেষ করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপে যারা আবেদন করতে চায়, তাদের www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আর ভর্তি আবেদনের ফির নগদ, সোনালী ব্যাংক, টেলিটক ও বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ থাকবে।
গত কয়েক বছর ধরে পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এ বছর করোনাভাইরাসের কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। শেষ পর্যন্ত গত ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।