অভয়নগর(যশোর)সংবাদদাতা।। যশোরের অভয়নগরে ওষুধ কিনে বাড়ি ফেরা হলোনা পথচারী ইনতাজ গাজীর (৯০)। মঙ্গলবার সকালে নওয়াপাড়ার নূরবাগ বাসস্টান্ডে ওষুধ কিনে যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় তিনি নিহত হন। ইজিবাইকটিকে জব্দ এবং চালককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
নিহত ইনতাজ গাজী উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদি গ্রামের পশ্চিমপাড়ার মৃত ফজর আলী গাজীর ছেলে। নিহতের পরিবার জানায়, ইনতাজ গাজী হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার সকালে ওষুধ কেনার উদ্দেশ্যে নওয়াপাড়া বাজারের নূরবাগে আসেন। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বৃদ্ধ ইনতাজ গাজী রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর পড়ে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলিমুর রাজিব তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, থানার টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইকটিকে জব্দ করেছে এবং চালক আল-আমিন হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/ইমন