আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃতদের হাজির করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন হলেন: সিরাজগঞ্জ জেলা সদর থানাধীন গোটিয়ার চর গ্রামের আলমের ছেলে সুমন (২৩) এবং একই জেলার কামারখন্দ থানাধীন চৌদুয়ার গ্রামের হাচেন আলী শেখের ছেলে রাজু শেখ (২৪)।
এসময় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, চলতি মাসের বিভিন্ন সময়ে শহরে মোটরসাইকেল চুরির প্রবণতা লক্ষ্য করা যায় এবং নাটোর সদর থানায় তিনটি মামলায় দায়ের হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে জেলার সাতটি থানার ওসি, গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
সমন্বিত টিম প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।এসময় তাদের হেফাজতে থাকা তিনটি মামলায় চুরি যাওয়া তিনটিসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আমাদেরবাংলাদেশ/আরাফাত