আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন ৮ নম্বর চুনতি ইউপি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক মূল্য ২ কোটি ২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৩) ও মো. আব্দুল্লাহ আল নোমান (২০)।র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাব-৭ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যান যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন ফোর সিজনস রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে চালক কাভার্ডভ্যানটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে হেলপারসহ কৌশলে পালানোর
চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর কাভার্ড ভ্যানের টুলবক্সের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা এবং উদ্ধারকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
আমাদেরবাংলাদেশ/আরাফাত