আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থানার জয়পুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শালিসী বৈঠকে ধর্ষককে ১০ ঘা জুতা মারা ও ৩০ হাজার টাকা জরিমানা করেন মাতব্বররা। তবে এই রায় না মানায় নির্যাতিতা ছাত্রী ও তার মা, ভাইকে মারধর করা হয়।গত শুক্রবার রাতে রাজশাহীর পবার কাটাখালীতে বাড়িতে একা পেয়ে বখাটে শাহিনুর প্রতিবেশী কিশোরীর ঘরে ঢুকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে নিজের ফোন ঘরে ফেলেই জানলা ভেঙ্গে পালিয়ে যায় শাহিনুর।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে প্রথমে মামলা নেয়নি পুলিশ। ফলে মঙ্গলবার রাতে গ্রামে বসে শালিসী বৈঠক। সেখানে ধর্ষণের সত্যতা পাওয়া গেলে শাহিনুরকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ১০ ঘা জুতা মারার শাস্তি দেয়া হয়।এই বিচার মানতে আপত্তি জানাতেই মাতব্বর হযরত মন্ডল, রুবেল, এরশাদ, শামীম গফুর ধর্ষকের পক্ষ নিয়ে কিশোরী, তার মা ও ভাইকে মারধর করে।
তবে হযরত মন্ডল দাবি করেন, এটা ধর্ষনের কোন ঘটনা ছিলো না। মেয়েটির ভাল চিন্তা করেই সমাজের পক্ষ থেকে বিচার করা হয়।শালিসে মারপিটের কোন ঘটনাও ঘটেনি।পুলিশ বলছে, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। তবে শালিসে মারপিটকারীদের বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত