লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় হেফজখানার এক শিক্ষকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ২১ অক্টোবর বুধবার সকালে উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে ইলিয়াস বিল্ডিং থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। উক্ত শিক্ষকের নাম মোঃ তৌহিদ (২২)। তিনি আল-কুরআনুল হাকীম আদর্শ হিফজ মাদ্রাসার শিক্ষক। এ শিক্ষক চুনতি ইউনিয়নের সমসু মেম্বার পাড়ার শামসুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
ওই মাদ্রাসার আরেক শিক্ষক মোঃ ইসমাঈল জানান, ঘটনার পূর্বের রাত ১০ টার দিকে বলৎকারের অভিযোগ এনে শিক্ষক তৌহিদকে স্থানীয় ২০/২৫ জন যুবক অপমান ও মারধর করেছে বলে তাকে জানান। পরদিন শিক্ষক তৌহিদ আত্মহত্যা করেলেন। তাঁর ঝুলন্ত লাশ দেখে বিল্ডিং এর মালিককে অবহিত করেছেন। এ শিক্ষক বিল্ডিং লোহার রডের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রকাশ।
ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, সংবাদ পেয়ে এসআই পার্থ সারথী সঙ্গীয় ফোর্স নিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার ও সুরতহাল লিপিবদ্ধ করেন। পরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় লোহাগাড়া থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা রুজু করা হয়েছে।