ঢাকা।। নওগাঁর ধামইরহাটে বাড়ি নির্মাণের সময় ১০৩ কেজি ওজনের প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরী পত্ত শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব-৫; যার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর নামক এলাকার ধন মোহাম্মদ নামে এক ব্যক্তির বসতবাড়ির ভিত কাটার সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়।
সংশ্লিষ্টরা জানান, কাশিপুর গ্রামের মৃত তুরা মোহাম্মদের ছেলে ধন মোহাম্মদ সকাল থেকে তার নিজ বসতবাড়ির ভিত কাটার কাজ শ্রমিক দিয়ে করছিলেন। এ সময় মাটি খননকালে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসে। পরে স্থানীয়রা বিষয়টি র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে অবগত করেন।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে র্যাবের একটি টহল দল ঘটনাস্থল থেকে ১০৩ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরী পত্ত শিবলিঙ্গটি উদ্ধার করে। যার বৃত্তাকার অংশের দৈর্ঘ্য ৭৮ সেন্টিমিটার, ব্যাস ২৪ সেন্টিমিটার, মাঝখানে ৯ সেন্টিমিটার ব্যাসের ফাঁকা বৃত্ত এবং পুরুত্ব ৬ সেন্টিমিটার। এছাড়াও গোলাকার অংশের একদিকে ৯ সেন্টিমিটার লম্বা অংশ (ফলক) বলে জানা যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত নিদর্শনটি নিকটস্থ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।