রাজবাড়ী।। রাজবাড়ীতে পদ্মার পানি কমতে শুরু করলেও বেড়েছে সাধারন মানুষের ভোগান্তি। পানিবন্দি জেলার ১৩টি ইউনিয়নের ৬৭টি গ্রামের ৩০ হাজার মানুষ। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। এছাড়া জেলার পানিবন্দি ২৪টি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল রোববার খোলার ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমি বলেন, পানিবন্দি ২৪টি বিদ্যালয়কে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এছাড়া পদ্মার পানি ফের বাড়লে বিদ্যালয় খোলা রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক সালমা খাতুন জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে এখনো বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।