আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অনুপ্রবেশকারীরা ছাত্রলীগে ঢুকে যেন কোনো বদনাম করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ছাত্রলীগের কাছে প্রত্যাশা তারা বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইরেশ যাকেরের নেতৃত্বে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ছাত্রলীগের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে। আওয়ামী লীগ গঠিত হওয়ার আগে ছাত্রলীগ গঠিত হয়েছিল। বয়সে আওয়ামী লীগের চেয়ে ছাত্রলীগ এক বছরের বড়। স্বাধীকার আদায় থেকে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ছাত্রলীগের যে অবদান তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ স্বাধীনতা অর্জনের পরেও ছাত্রলীগ দেশ গঠনে ভূমিকা রেখেছে।
যে কোনো ঘটনার সঙ্গে ছাত্রলীগকে না জড়াতেও সবার কাছে অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি মহল আছে যারা চুন থেকে পানি খসলেই সেটার সঙ্গে ছাত্রলীগের গন্ধ খুঁজে নেওয়ার চেষ্টা করেন। কালিমা লেপনের যে চেষ্টা করা হয় সেদিকে ছাত্রলীগকেও যেমন সচেতন হতে হবে। একইসঙ্গে অনুরোধ জানাবো ছাত্রলীগের ওপর কালিমা লেপনের কোনো কোনো মহলের একটি মানসিকতা আছে, সেটি পরিহার করার জন্য।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু