আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। সোমবার (২৮ মার্চ) দুই বছর পর সশরীরে এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করবেন।
বৈঠকে উপস্থিত রয়েছেন সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীসহ মন্ত্রিসভার অধিকাংশ সদস্য৷
প্রসঙ্গত,২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। বাংলাদেশে করোনায় প্রথম রোগী শনাক্তের কথা জানা যায় ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপরই দেশে করোনার প্রকোপ বাড়তে থাকে। করোনার কারণে দেশে বিধিনিষেধ আরোপ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়। সরকারের তৎপরতায় দেশে ব্যাপকভাবে চালানো হয় ভ্যাকসিন কার্যক্রম। ফলে দেশে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।
মাঝে করোনার কারণে সরকারি অফিস আদালত অনলাইনে চললেও বর্তমানে সশরীরে চলছে সকল কার্যক্রম। মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী দীর্ঘদিন ভার্চুয়ালি অংশ নেন। করোনা নিয়ন্ত্রণে চলে আসায় দীর্ঘ ২ বছর পর সশরীরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিলেন প্রধানমন্ত্রী।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু