নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ায় চলন্ত বাসে যাত্রীবেশে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় সাভার পরিবহন নামের একটি বাসে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত হওয়ার পর তাকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার (১৭ই মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উক্বিত ষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলামউজ্জামান আসলাম বলেন,রাতে আমরা খবর পেয়ে আশুলিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গল সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত ছিনতাইকারীর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছিল।’
উক্ত বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল রাশিদ এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ. কমের প্রতিবেদক-কে তিনি বলেন, যাত্রী বেশে বাসে উঠে অজ্ঞাতপরিচয় তিন ছিনতাইকারী যাত্রীদের কাছে থাকা জিনিসপত্র লুট করে নিতে চায়।
এমত অবস্থায় যাত্রীদের চিৎকার শুনে নবীনগর মহাসড়-কে থাকা ট্রাফিকের এসআই হেলাল দৌড়ে বাসে উঠে একজন-কে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তবে বাসটি জব্দ করা সম্ভব হয়নি। পাশাপাশি ভুক্তভোগী কোনো যাত্রীকে এখন পর্যন্ত খুঁজে পাইনি বা কেউ অভিযোগ করেনি। এছাড়া ট্রাফিক পুলিশের এসআই হেলাল আরোও বলেন আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম