আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলটির কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঠিক করা হতে পারে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ডিসেম্বরে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এখনও ঠিক করা হয়নি দিন-তারিখ।
একই সঙ্গে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলনও ডিসেম্বরের আগে হওয়ার কথা রয়েছে। এসব সম্মেলনের দিন-তারিখ ঠিক হতে পারে ২৮ অক্টোবর।
১১টি এজেন্ডা নিয়ে আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সভায় নিয়মতান্ত্রিকভাবে দলের সাংগঠনিক সম্পাদকরা তাদের দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক প্রতিবেদক পেশ করবেন।
সভার এজেন্ডাগুলো হলো-শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেলহত্যা দিবস,১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস,২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস,৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী,১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২,দেশের আর্ত সামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও বিবিধ।
এজেন্ডার বাইরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা হতে পারে এই সভায়। ঠিক হতে পারে দিনক্ষণ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু