অমিত সূত্রধর: সাভার ঊপজেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ ঘোষণা দেন। এ ছাড়া এ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান বলেন, মনোনয়নপত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া এ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির জুলহাস, জাতীয় পার্টির ২ জন আবুল কালাম আজাদ ও মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আইরিন পারভীন এবং বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম মেম্বার।
মনোনয়ন বৈধ হলো যাদের, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইঊনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, গণফ্রন্ট মনোনীত প্রার্থী নুরুল আমীন, জাকের পার্টি মনোনীত প্রার্থী শামছুদ্দিন আহম্মেদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবুল হাসান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিলন কুমার ভঞ্জ।
আপিল ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।প্রতীক বরাদ্দ দেয়া হবে পরদিন ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আঠারো দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। বর্তমানে এই আসনের মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪৬৩ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৪৭ জন।